তৃণমূলের হিংসা আটকাতে কেন্দ্রীয় বাহিনী দরকার, রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করালে আদালতে যাবে বিজেপি, হুঁশিয়ারি সুকান্ত’র

আমাদের ভারত, ২০ অক্টোবর:
ফলাফল নয় তৃণমূল কংগ্রেসের তরফে অশান্তি ও হিংসা আটকাতে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। এখন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় কোনও ভোট হওয়াই উচিত নয়। পঞ্চায়েতে যদি সরকার রাজ্য পুলিশ দিয়ে ভোট করাতে চায় তাহলে আমরা আদালতে যাব। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির আদালতে দারস্থ হবার পর আদালত যে রায়ই দিক না কেন, পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য যে বিজেপি একেবারে প্রস্তুত সেকথাও স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সব বুথে লড়াই হবে। আদালতে লড়াই হবে। রাজনীতির ময়দানে লড়াই হবে।”

সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামী বছরের মার্চ এপ্রিল মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নির্বাচনের জন্য সীমানা পুনর্বিন্যাস, আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। সেই তালিকার একাংশ প্রকাশিত হয়েছে বুধবার। আগামী বছরের জানুয়ারি মাসে এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। কমিশনের এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে।

এদিকে নভেম্বর মাসের দুয়ারে সরকারের শিবির আয়োজিত হবে। রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে সম্ভবত এটাই শেষ দুয়ারে সরকার হতে চলেছে। ফলে এই শিবির থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যেমন প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তেমনি প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করা পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশকে দিয়ে যদি পঞ্চায়েত ভোট করানো হয়, সেক্ষেত্রে শাসকদল ব্যাপক সন্ত্রাস করবে। জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করছে পদ্ম শিবির। আর সেই কারণেই রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা রাখতে চাইছে পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি, সুকান্ত মজুমদার এর বক্তব্য, “ফলাফল ফ্যাক্টর নয়। তৃণমূল কংগ্রেসের তরফে অশান্তি ও হিংসা আটকানোই লক্ষ্যে। এই পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *