সোমনাথ বরাট, আমাদের ভারথ, বাঁকুড়া, ২ফেব্রুয়ারি: নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আজ শুরু হয় রুট মার্চও। জেলা প্রশাসনিক সূত্রে জানাগেছে যে, জেলায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। তবে এই মুহূর্তে ১ কোম্পানি বাহিনী বাঁকুড়ায় এসে পৌঁছেছে। বাকি বাহিনীও ধাপে ধাপে জেলায় আসবে বলে জানা গিয়েছে।
আজ ওন্দা থানার মাধবপুর, কাদাগোট, লায়দা, বড়কূর্পা, ডুমুরিয়া ও ঘোলকুণ্ডা অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ হয়।এলাকায় টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জওয়ানরা। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ বলে দাবি প্রশাসনের। এই রুটমার্চে উপস্থিত ছিলেন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল ও পুনিশোল ফাঁড়ির ইনচার্জ শ্রীমন্ত চক্রবর্তী সহ পুলিশের আধিকারিকরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনীর টহল অব্যাহত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। শৃঙ্খলা ও শান্তি রক্ষায় প্রশাসন কড়া পদক্ষেপ করবে।

