আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ ফেব্রুয়ারি:
২০১৯ সালের ব্যারাকপুর লোকসভা ও ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচনে সব থেকে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। সেই সময় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল নির্বাচনী সংঘর্ষের ঘটনায়। ভাটপাড়া উপ নির্বাচনের দিন ভাটপাড়ায় মুড়িমুড়কির মত বোমা পড়ে। সেদিন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকা। সেই ভাটপাড়া এলাকায় যাতে ২০২১ এর নির্বাচন শান্তিপূর্ন হয়, তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই এই নির্বাচনী এলাকায় সেনা বাহিনী এসে পৌঁছল।

গতকাল রাতে কাশ্মীর থেকে এসেছে ১ কোম্পানি সেনা। ভাটপাড়া এলাকায় আগে ভাগেই সেনা বাহিনীর আসাকে স্বাগত জানিয়েছেন ভাটপাড়ার তৃণমূল নেতা গোপাল রাউত। তিনি বলেন, “আমরা অবাধ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন চাই। ২০১৯ এ এখানে দাঙ্গা শুরু হয়েছিল। সেই দিন ফিরে আসুক আমরা কেউ চাই না। কেন্দ্রীয় বাহিনী সকলের নিরাপত্তা দেবে এটাই আশা আমাদের।”

