আমাদের ভারত, হাওড়া, ৩ মার্চ: রাজ্যে ভোটের ঢাকে কাঠি পড়েছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি। তবে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ না করায় ভোটে সেভাবে উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে না। যদিও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়ালে দলীয় প্রতীক আঁকার কাজ শুরু হয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় রুট মার্চ করার পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন।
হাওড়া গ্রামীণ জেলাতেও ইতিমধ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিন নিয়ম করে প্রতিটি বিধানসভায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। সেই রকম বুধবার সকালে উলুবেড়িয়ার খলিসানি এলাকায় রুট মার্চ করার পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে নেতৃত্ব দেন উলুবেড়িয়ার এসডিপিও অনিমেশ রায় ও রাজাপুর থানার ওসি অজয় সিং।

এদিন পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় টহল দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন, পাশাপাশি তাদের নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দেন। এদিন পুলিশ আধিকারিকরা ভোটারদের বলেন, কোনও সমস্যা হলে নির্দ্বিধায় তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
অন্যদিকে, ভোটের আগে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দেওয়ায় খুশি সাধারণ মানুষ। তাদের মতে এতে ভোটারদের মনে সাহস যোগাবে।

