রামপুরহাট কান্ডে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি, এই দলের ৪ জনই প্রাক্তন আইপিএস অফিসার

আমাদের ভারত, ২৩ মার্চ:রামপুরহাট কান্ড খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি করল কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে সত্যতা যাচাই করবে ও রিপোর্ট তৈরি করবে। এই দলের সদস্যদের আগামী বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার কথা। সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বিজেপিকে রিপোর্ট জমা দেবেন।

এই কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও ভারতী ঘোষ। রয়েছেন বিজেপির উত্তরপ্রদেশের রাজ্যসভার সংসদ ব্রজলাল। এছাড়াও রয়েছেন লোকসভার সাংসদ সত্যপাল সিং ও রাজ্যসভার সাংসদ কেসি রমামূর্তি। প্রসঙ্গত উল্লেখ্য সুকান্ত মজুমদারকে বাদ দিলে এই কমিটির বাকি চার সদস্যই প্রাক্তন আইপিএস অফিসার। ওয়াবহাল মহলের মতে কেন্দ্রীয় বিজেপি আসলে এই ঘটনায় এই চার জন প্রাক্তন আইপিএস অফিসারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে তদন্তের জন্য।

রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, তিনি দিল্লিতে রয়েছেন তবে বুধবার বিকেলে কলকাতা পৌঁছাবেন। ভারতী ঘোষ এখন কলকাতাতেই রয়েছেন। কমিটির বাকি তিন সদস্য কলকাতায় এলে বৃহস্পতিবার সকালে তারা রামপুরহাটে পৌঁছাবেন।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রামপুরহাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল বিজেপির সাংসদদের প্রতিনিধিদল। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অফিসে গিয়ে দেখা করেন রাজ্যের বিজেপি সাংসদরা। তারা অমিত শাহের কাছে কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য দরবার করেন। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রতিনিধি দল ঘটনার তদন্তে রামপুরহাটে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *