মুসেওয়ালা খুনের চক্রী ও সলমান খানকে খুনের হুমকি দেওয়া গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা কেন্দ্রের

আমাদের ভারত, ১ জানুয়ারি: পাঞ্জাবির জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা খুনে অন্যতম অভিযুক্ত তথা বলি তারকা সালমান খানকে খুনের হুমকি দেওয়া গোল্ডি ব্রারকে জঙ্গি তকমা দিল কেন্দ্র সরকার। সোমবারে একটি নোটিশ জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত গোল্ডি ব্রার খালিস্থানি জঙ্গি সংগঠনের শাখা বব্বার খালসা ইন্টারন্যাশনাল- এর সঙ্গে যুক্ত।

স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিশে আরও বলা হয়েছে, একাধিক হত্যাকাণ্ড, নেতাদের হুমকি দিয়ে ফোন করা, মুক্তিপণ দাবি করা সহ সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাং- এর সদস্য গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা করা হলো। উপা ধারায় তাকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে।

২০২২ সালে পাঞ্জাবের মানসা জেলায় জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা খুনে অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রার। চোরাচালান, গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সীমান্ত দিয়ে পাচারের সঙ্গেও গোল্ডি ব্রার যুক্ত ছিল। খুনের সুপারি নেওয়া ও অস্ত্র সরবরাহ করতো বলে অভিযোগ। এছাড়া পাঞ্জাবে অশান্তি ছড়ানো, নাশকতা সহ দেশবিরোধী কার্যকলাপে গোল্ডি ব্রারের নাম রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিশে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *