ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অষ্টম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট: শনিবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের সিধু কানু ভবনে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অষ্টম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক জয়সী দাশগুপ্ত, ঝাড়্গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম রাজকলেজের অধ্যক্ষ দেব নারায়ণ রায় সহ সম্মানীয় অতিথিরা।

জেলাশাসক জয়সী দাশগুপ্ত একটি কন্যাশ্রী ট্যাবলোর উদ্বোধন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরপর তিন বছর ঝাড়গ্রাম জেলায় কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে সফলতার নিরিখে ঝাড়গ্রাম রাজ কলেজ সেরা হয়েছে। অন্য দুটি কলেজ হল ঝাড়গ্রাম জেলা ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টার, গোপীবল্লভপুর এক ব্লকের প্রতাপ চন্দ্র কলেজ অব এডুকেশন। স্কুলগুলি হল গোপীবল্লভপুরের আসুই পল্লিমঙ্গল বিদ্যাপীঠ, জামবনি ব্লকের গিধনি এলোকেশী এবং ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস হাই স্কুল।

অনুষ্ঠানে জেলাশাসক জয়সী দাশগুপ্ত বলেন, কন্যাশ্রী সারা বিশ্বের কাছে সম্মানিত। কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েরা এখন স্কুলমুখী হয়েছে। অল্প বয়সে বিয়ে দেওয়ার রেওয়াজ অনেকটাই কমানো গিয়েছে। কন্যাশ্রী প্রকল্পের ফলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারছে। মেয়েরা আমাদের গর্ব বলেও তিনি জানান। তাই কন্যাশ্রী প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরার জন্য একটি সুসজ্জিত ট্যাবলো বিভিন্ন এলাকায় শনিবার পরিক্রমা করে। এছাড়াও শনিবার ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অষ্টম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *