সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জানুয়ারি: আজ বাঁকুড়া জেলাজুড়ে শ্রী শ্রী সারদা মায়ের ১৭১তম জন্মতিথি পালিত হলো। এদিন মায়ের জন্মস্থান জয়রাবিটিতে শ্রী শ্রী মায়ের বাণী শোনার জন্য হাজার হাজার ভক্ত উপস্থিত হন। মঠের স্বামীজিদের কাছ থেকে মায়ের বাণী, জীবনী আলোচনা শ্রবণ করে তারা ধন্য হন।
এদিন ভোর ৪টের সময় মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুরে প্রায় ২৫ হাজার মানুষ অন্ন প্রসাদ গ্রহণ করেন। বাঁকুড়ার শ্রীরামকৃষ্ণ মঠে শ্রী শ্রী মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। বহু ভক্ত সমাগম ঘটে।

এদিন শ্রী শ্রী মায়ের জন্মদিনে রামসাগরে নবনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে হোম, পূজাপাঠের আয়োজন করা হয়। বাঁকুড়ার শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দ উপস্থিত ছিলেন। দুপুরে আগত নরনারী প্রসাদ গ্ৰহণ করেন।
বেলুড় মঠের অধীন অমরকানন রামকৃষ্ণ সেবাদল আশ্রমেও এদিন যথাযোগ্য মর্যাদায় মায়ের জন্মতিথি পালিত হয়। এখানেও প্রায় ২০ হাজার মানুষ দুপুরের পংক্তি ভোজনে অংশগ্রহণ করেন। গঙ্গাজলঘাঁটি থানার দুর্লভপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে দিনটি ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। ঊষা কীর্তন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সকালে প্রভাত ফেরি মেজিয়া শিল্পাঞ্চলের ডিভিসির এমটিপিএস এলাকা পরিক্রমা করা হয়।

সেবাশ্রমের সম্পাদক সমর মাজি বলেন, এদিন সারাদিন ঠাকুর-মা ও স্বামীজির কথা ও বাণী পাঠ করা হয়। ধর্মালোচনা ও কথামৃত পাঠ ছিল জন্মতিথি পালনের মূল আকর্ষণ। এখানে প্রায় ৮ হাজার ভক্ত দুপুরে খিচুড়ি ভোগে অংশ নেন।
বড়জোড়ার প্রতাপপুরেও যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়েছে। প্রতাপপুর বিবেকানন্দ আত্মবিকাশ কেন্দ্রের উদ্যোগে শ্রী শ্রী মা, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের জন্মতিথি উপলক্ষে ২ দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসী নৃত্য এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অন্যদিকে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন দিনটিকে অন্যভাবে পালন করে। এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সয়েরগ্রামে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার সম্পাদক কাঞ্চন বিদ বলেন, বড়জোড়া শিল্পাঞ্চল হওয়ায় এখানে অসংখ্য ভিক্ষোপজীবী ও ভবঘুরে মানুষ উপস্থিত হয়েছেন। এদিন সেইসব মানুষদের জন্য দুপুরে খিচুড়ি ভোগ ও তাদের প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের জন্যও এই সাহায্য দেওয়া হয়েছে বলে জানান সংস্থার সভাপতি অরিজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এদিন ৪৭ জন স্বেচ্ছায় রক্তদান করছেন।
এদিকে জঙ্গলমহলের চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক স্কুলের প্রধান শিক্ষক উত্তম মন্ডল জানিয়েছেন, এদিন অন্তরের শ্রদ্ধা ও ভক্তি ভরে মায়ের জন্মতিথি পালন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এদিন স্কুলে সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে পড়ুয়ারা মাকে শ্রদ্ধা নিবেদন করে।

