পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে আজ চন্দ্রকোনারোড চৌ রাস্তার মোড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। উদ্বোধন করেন বিশিষ্ঠ চিকিৎসক ও সাহিত্যিক ড: সুশীল কুমার মহান্তি। সভায় সভাপতিত্ব করেন সংঘের আঞ্চলিক শাখার সভাপতি মিহির পাঠক। উপস্থিত ছিলেন এলাকার কবি সাহিত্যিক ছড়াকাররা।

কবি অপূর্ব ব্যানার্জি, কবি দিলীপ খাটুয়া, কবি বিমল চন্দ্র রায়, সাহিত্যিক রুমা রায়, লিপিকা বারিক, গণপতি ঘোষ, শ্যামল রায় সহ এলাকার লোক ও আদিবাসী শিল্পীরা উপস্থিত ছিলেন। আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা সহ কবিতা, সঙ্গীত ও লোকশিল্পের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। শেষে “অ হিন্দীভাষী ভারতীয় নাগরিকদের মাতৃভাষার অধিকার রক্ষার পক্ষে” একটি প্রস্তাব উত্থাপন করেন সংঘের আঞ্চলিক শাখার সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জি।

