আমাদের ভারত, ২১ ডিসেম্বর: সরকারী সিদ্ধান্তে সরকারী ছাপাখানা বিজি প্রেস বন্ধ হয়ে গেলেও ‘পশ্চিমবঙ্গ সরকারী মুদ্রণ গ্রন্থাগার’ তার ৭৫ বছরের প্রতিষ্ঠা দিবস পালন করল মঙ্গলবার। ‘সেবা’র উত্তর ২৪ পরগণার শাখা বিকাশকেন্দ্রের প্রাঙ্গণে “শহীদ তিতুমীর সাধারণ গ্রন্থাগার” এর সঙ্গে।
বিজি প্রেস লাইব্রেরির বহু বই তাঁরা দান করেছেন রাজ্য সংরক্ষণাগার, সেবা এবং অন্যান্য সংগঠনে। বইয়ের প্রতি এঁদের অপূর্ব ভালোবাসার সম্মানে ‘সেবা’-র বিকাশকেন্দ্র শাখা বাদুরিয়ার আটঘরা গ্রামে তাদের লাইব্রেরিতে একটি বিশেষ অংশের উদ্বোধন করল
“পশ্চিমবঙ্গ সরকারী মুদ্রন গ্রন্থাগার,
স্থাপিত ১৯৪৯”
এই শিরোনামে।
বিজি প্রেস গ্রন্থাগার প্রদত্ত বই ও আসবাব সমৃদ্ধ এই অংশটির উদ্ধোধন করলেন ‘পশ্চিমবঙ্গ সরকারী মুদ্রন গ্রন্থাগার’-এর সম্পাদক বর্ণালী মিত্র। উপস্থিত ছিলেন গ্রন্থাগারের অন্যান্য সদস্যরা, সেবা কার্যনির্বাহী কমিটির সম্পাদক অনুরাধা চট্টোপাধ্যায়, মধুরিমা সেন, মহবুল বৈদ্য এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‘সেবা’র অন্যতম প্রতিষ্ঠান আনন্দকেন্দ্রের ছোটরা লাইব্রেরি পুনর্গঠন এবং আজকের অনুষ্ঠানে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা নিয়েছিল।

