জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ মার্চ: রবিবার সকালে বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে মেদিনীপুর মহাবিদ্যালয়ের ১৫০তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন উৎসব শুরু হয়েছে। এই স্বশাসিত মহাবিদ্যালয়ের প্রাক্তনী তথা রাজ্য মন্ত্রিসভার বর্তমান তিনজন মন্ত্রী, যথাক্রমে সৌমেন মহাপাত্র, হুমায়ুন কবির ও শ্রীকান্ত মাহাতোদের উপস্থিতিতে এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত সাতদিন বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, এই কলেজের ১৫০ তম জন্ম দিবস জানুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির জন্য বর্ষপূর্তি অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল, বর্তমানে করোনার প্রভাব কমে যাওয়ায় সেই বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। বক্তারা সকলেই স্বশাসিত মেদিনীপুর মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার আগ্রহ প্রকাশ করেছেন।

