জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) ১০২ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল রবিবার। এদিন সকালে সংগঠনের জেলা দপ্তরে এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে সংগঠনের পতাকা উত্তোলন, শহিদ বেদীতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
এদিনের সংক্ষিপ্ত কর্মসূচি শুরুর আগে নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। উপস্থিত ছিলেন সংগঠনের সদর মহকুমা শাখার সম্পাদক জগন্নাথ খান, মহকুমা সভানেত্রী সবিতা মান্না, শিক্ষক নেতৃত্ব শান্তনু সিনহা, শৈবাল নন্দ, তারকনাথ ভু্ঁইঞা, কুলদীপ রায় চৌধুরী, দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ।

উল্লেখ্য, পরাধীন ভারতের পূর্ববঙ্গের রঙপুর জেলার গাইবান্ধা শহরে ১৯২১ সালের ৬ ফেব্রুয়ারি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধানত ঔপনিবেশিক ধ্যানধারনামুক্ত বিজ্ঞানভিত্তিক শিক্ষা, সকলের জন্য শিক্ষা, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের পেশাগত দুরবস্থার সুরাহা এবং শিক্ষক সমাজের সামাজিক দায়বদ্ধতার আদর্শকে পাখির চোখ করে এবিটিএ প্রতিষ্ঠিত হয়।

