পুরুলিয়ায় করম পরব উদযাপন

সাথী দাস, পুরুলিয়া, ৬ সেপ্টেম্বর: পুরুলিয়া জেলাজুড়ে করম পরবে মাতছেন যুব সমাজ। বিভিন্ন সমাজ ও সম্প্রদায় পরবের আয়োজন করেছে। আজ দুপুরে পুরুলিয়ার রবীন্দ্র ভবন থেকে কুড়মি উন্নয়ন ও সংস্কৃতি বোর্ডের পক্ষ থেকে কুড়মালি করম পরব উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে রাজ্যের পশ্চিম অঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলাশাসক রজত নন্দা প্রভৃতি ব্যক্তিরা অংশ নেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩২ টি দল অংশ নেয়। সদস্যারা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। পুরুলিয়া শহরের খেলাই চণ্ডী মাঠে বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সমিতি করম পরব উদযাপন করে।

করম পরব রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার কুড়মি, ভূমিজ, রাজপুত, সরাক, লোহার, বাউরি, বীরহড়, বীরনিয়া, খেরওয়ার, হো, খেড়িয়া, শবর, কোড়া, মাহালি, পাহাড়িয়া, হাড়ি, বাগদি, বেদে, ঘাসি, মাহালি ও বৃহৎ জনগোষ্ঠী সাঁওতাল, মুন্ডা, ওঁরাও প্রভৃতি সম্প্রদায়ের আরণ্যক ও কৃষিভিত্তিক লোকউৎসব। করম উৎসবের সময় সমস্ত রাত ধরে সূর্যদয় পর্যন্ত সম্মিলিতভাবে ভাদরিয়া ঝুমুর গান ও যৌথ নাচ পরিবেশিত হয়। এই নাচে শুধুমাত্র অবিবাহিত ও প্রথম বছরের নববিবাহিতা মেয়েরাই অংশ গ্রহণ করতে পারেন। নৃত্যশিল্পীরা অর্ধবৃত্তাকারে হাত ধরাধরি করে এক পা এগিয়ে পিছিয়ে যাওয়া ডালিগুলিকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে ঘুরে নৃত্য করেন। রঙিন হয়ে উঠে অনুষ্ঠান মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *