ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২১ জুন: ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল সোমবার। সারা ভারতবর্ষের ৮১০টি পোস্ট অফিসে এদিন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এর পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে ডাক বিভাগের তরফ থেকে একটি বিশেষ কন্সেলেশন প্রকাশ করা হয়, যা ডাকটিকিট সংগ্রহ করার শখকে পুনুরুজ্জীবিত করবে। এছাড়া বিশেষ দিনটি পালন করতে ডাক বিভাগের তরফ থেকে কুইজ প্রতিযোগিতা ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

যোগাভ্যাসের মধ্য দিয়েই দৈনন্দিন জীবনে সুস্থ থাকা যায়। করোনা পরিস্থিতির মধ্যেও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ব্যায়ামের জুড়ি মেলা ভার। সোমবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বারুইপুরে সাউথ প্রেসিডেন্সি রেঞ্জের প্রধান কার্যালয়ে দিনটি উদযাপন করা হয়। সেখানে ডাক বিভাগের কর্মীরা এদিন নিজেরাই যোগ ব্যায়ামের মাধ্যমে দিনটি পালন করেন। এছাড়া এই সাউথ প্রেসিডেন্সি রেঞ্জের অন্তর্গত ঝড়খালিতে হেড়োভাঙা নদীর পাড়েও ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে যোগদিবস পালিত হয় যোগ ব্যায়াম কর্মসূচির মাধ্যমে।

সাউথ প্রেসিডেন্সি রেঞ্জের সুপারিন্টেনডেন্ট প্রদত্ত কুমার দাস বলেন, “সারা ভারতবর্ষ ব্যাপী এই যোগ দিবস আজ ৮১০টি পোস্ট অফিসে পালিত হচ্ছে। সুস্থ থাকার জন্য যোগাভ্যাসের বিকল্প কিছু নেই। তাই সকলকে এই যোগ ব্যায়ামে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই দিন আমাদের তরফ থেকে একটি কন্সেলেশালন চালু করা হল, যার মধ্যে দিয়ে যে কেউ নিজের বা প্রিয়জনের ছবি দিয়ে ডাকটিকিট ছাপানোর আবেদন করতে পারেন। এতে ডাকটিকিট সংগ্রহের শখকে পুনুরুজ্জীবিত করার চেষ্টা করা হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *