খড়্গপুরে ভারতী ঘোষের উপস্থিতিতে “সুশাসন দিবস” পালন

জে মাহাতো, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ৯৭ তম জন্মদিন উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর “সুশাসন দিবস ” পালনের অনুষ্ঠানের উদযাপনে  ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খড়্গপুর শহরের গোলাবাজারে বিজেপির দলীয় কার্যালয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এই উপলক্ষে দলের পক্ষ থেকে বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়।

এদিনের এই অনুষ্ঠান থেকে প্রায় হাজার জন দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল ও শুকনো খাবার তুলে দেন বিজেপি নেত্রী। সামনে পৌরসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে আসবেন কিনা এই নিয়ে ভারতী ঘোষকে প্রশ্ন করা হলে  তিনি বলেন, দল যা কাজ দেয় আমি সেটাই পালন করিl দল যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে সেই দায়িত্ব আমি পালন করব। আমরা বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে প্রচার করবl আমরা সাধারণ মানুষের পাশে থাকবl  ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পাশে আছে।

পুরভোট নিয়ে তিনি বলেন, দলগতভাবে সন্ত্রাস আটকানোর চেষ্টা করবl পশ্চিমবঙ্গে তৃণমূল রাজত্বে সন্ত্রাসের ইতিহাস তৈরি হচ্ছে এবং বিরোধীদের শূন্য করে একনায়কতন্ত্র চালানোর চেষ্টা চলছেl যেভাবে রাজ্যে পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট এবং কলকাতা কর্পোরেশন নির্বাচন হলো সেই নির্বাচন দেখে অন্য যেসব রাজ্যে  নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যের মানুষজন তৃণমূলকে ঢুকতে দিতে ভয় পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *