সাথী দাস, পুরুলিয়া, ৩০ জানুয়ারি: শ্রীমদ্ভাগবত গীতা ও বেদ পাঠ, গুরু গ্রন্থসাহেব, কোরান এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল পুরুলিয়া জেলা প্রশাসন।

রবিবার, জেলাশাসকের দফতর সংলগ্ন গান্ধী পার্কে সরকারি মূল অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য সংস্কৃতি দফতর। গান্ধীজির আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শ্রীকান্ত পল্লী, পুরুলিয়া সদর মহকুমাশাসক বিমলেন্দু দাস, আঞ্চলিক পরিবহন আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। ওই পার্কে অবস্থিত শহিদ স্মারক এবং কারগিল স্মারকে পুষ্পার্ঘ নিবেদন করেন তাঁরা। সর্ব ধর্মের মহাগ্রন্থ পাঠের পর রামধনু পরিবেশিত হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধার সঙ্গে গান্ধীজির তিরোধান দিবস পালন হয়। পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনেও গান্ধীজির আবক্ষ মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।


