সাথী দাস, পুরুলিয়া, ২ অগাস্ট: ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর দাদার বাড়ির সিসিটিভি ক্যামেরা চুরি হয়ে গেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঝালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর তপন কান্দুর দাদা স্বপন কান্দুর বাড়ির।

এই বিষয়ে নিহত তপন কান্দুর ভাইপো বীরবল কান্দু জানান, “আজ সকালে সিসিটিভি চেক করতে গিয়ে দেখি দুটি ক্যামেরা বন্ধ। বাইরে বেরিয়ে দেখি দুটি সিসিটিভি নেই। পরে ফুটেজে দেখি একটি কমবয়সী ছেলে গভীর রাতে দুটি ক্যামেরা খুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে ঝালদা থানায় অভিযোগ করেছি।”
সিসিটিভি ক্যামেরা চুরির পর থেকেই নিহত তপন কান্দুর পরিবার ও স্বপন কান্দুর পরিবার আতঙ্কে রয়েছে। ওই দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ মার্চ কাউন্সিলর তপন কান্দু খুন হন দুষ্কৃতীদের গুলিতে। তার পরই এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল।

বিষয়টি নিয়ে নিহত তপন কান্দুর স্ত্রী তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা কান্দু বলেন, “এই সিসিটিভি ক্যামেরাগুলি চুরির ঘটনাটি আমি ভালো নজরে দেখছি না। এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা প্রশাসনের গুরুত্বর সাথে দেখা উচিত।”
যদিও ঝালদা পৌরসভার উপ পৌর প্রধান সুদীপ কর্মকার জানান, “হয়তো কোনো দুষ্কৃতীদের কাজ এটা। যারা অসামাজিক কাজে যুক্ত তাদের যাতে অসুবিধা না হয় তাই হয়তো এইসব কান্ড করছে। যদিও সেটা তদন্তের ব্যাপার। তবে, বিষয়টি প্রশাসনকে বলবো যাতে সঠিক তদন্ত হয়।”

