রাজেন রায়, কলকাতা, ১৪ ডিসেম্বর: সম্পূর্ণ কলকাতা পুরসভা নির্বাচন এবার হতে চলেছে সিসিটিভির নজরদারিতে। কলকাতা পুরসভা নির্বাচনে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, পুরভোট মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিরোধীদের পক্ষ থেকে একাধিকবার সিসিটিভি ক্যামেরার দাবি করা হয়। এদিন তাঁদের দাবিকে মান্যতার নির্দেশ আদালতের।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ৪৮৪২টি বুথে ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে প্রতিটি বুথে সিসিটিভি বসানোর দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। রাজ্য নির্বাচন কমিশন অবশ্য আগেই জানিয়েছিল যে ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কিন্তু আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, সমস্ত বুথকেই সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।
কলকাতা পুরসভা নির্বাচনে যেন কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে এবং সমস্ত বুথে সিসিটিভি ফুটেজ থাকে, এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলে সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড হবে এবং সেক্ষেত্রে অভিযোগকারী বিচারের আশা করতে পারবে বলে মনে করেছে আদালত। শুধু বুথের মধ্যেই নয়, স্ট্রং রুম অর্থাৎ যেখানে ইভিএম থাকবে সেই ঘরেও সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ভোটগ্রহণের দিন সমস্ত ঘটনাই সিসিটিভিতে রেকর্ড হবে এবং সেই ফুটেজ সংরক্ষণের দায়িত্ব থাকবে রাজ্য নির্বাচন কমিশনের। পরবর্তী ক্ষেত্রে কোনজ ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

