তপন কান্দু হত্যা মামলায় পুরুলিয়া জেলা আদালতে সিবিআইয়ের আংশিক চার্জশিট জমা

সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুন: অবশেষে তপন কাঁদু হত্যা মামলায় আংশিক চার্জশিট পেশ করল সিবিআই। আজ পুরুলিয়া জেলা আদালতে সিবিআইয়ের আইনজীবী এদিন চার্জশিট পেশ করেন। তবে কী ধারা কার কার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে তা নিয়ে কোনো তথ্য দিতে চাননি তিনি।

সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হওয়া পাঁচ জনের বিরুদ্ধেই দেওয়া হয়েছে চার্জশিট। এদের সবার বিরুদ্ধেই ৩০২ ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদা শহরের উপকন্ঠে বাঘমুণ্ডী রোদে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ঝালদা পৌরসভার ২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদু। এই ঘটনার পর রাজ্য পুলিশের তরফে গঠিত হয় সিট। ঘটনায় জড়িত সন্দেহে সিট গ্রেফতার করে নিহতের ভাইপো দীপক কাঁদুকে। পরে গুলি চালানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয় কলেবর সিং ও তার বন্ধু মোঃ আশিক খানকে। এরপর আবারো গ্রেফতার হন তপন কাঁদুর দাদা তথা ধৃত দীপকের বাবা নরেন কাঁদু। পরে সিবিআই গ্রেফতার করে আরও এক অভিযুক্ত সত্যবান পরামানিককে। আজ মূলত এদের বিরুদ্ধেই জমা করা হয় পার্শিয়াল চার্জশিট।

নিহত তপন কাঁদুর স্ত্রী পূর্ণিমার সিবিআইকে দেওয়া অভিযোগ পত্র অনুযায়ী জিজ্ঞাসাবাদ হয়নি। অজানা কারণে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদই করেনি সিবিআই। তবুও সিবিআইয়ের উপর আস্থা রেখে ঝালদা পুরসভার কাউন্সিলর পূর্ণিমা বলেন, “এটা আংশিক চার্জসিট জমা করেছে সিবিআই। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলেই আমার স্বামীর খুনের পিছনে আরও বড় বড় মাথা ধরা পড়বে। আমার আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে, খুনি ষড়যন্ত্রকারীরা ঠিক ধরা পড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *