রাজ্য সরকার গঠিত কমিটির সুপারিশে শিক্ষক নিয়োগে দুর্নীতি, তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

আমাদের ভারত, ৩ মার্চ: আবারও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলো রাজ্য সরকার। এবার নিয়োগের সুপারিশ নিয়ে রাজ্যের তৈরি করার সুপারিশ কমিটির বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নিয়োগ সংক্রান্ত সুপারিশ করেছিল যে পাঁচ সদস্যের কমিটি তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে হবে।

এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে “চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ যেথা শির” রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটিকে উদ্ধৃত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, কার নির্দেশে এই সুপারিশ হয়েছিল তা অনুসন্ধান করতে হবে। তিনি আরও বলেন, জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার একজন সিবিআই অফিসারের নেতৃত্বে এই তদন্ত করতে হবে এবং, ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

বিচারপতি বলেন, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যারা যারা যুক্ত রয়েছেন, তাদের এবং টাকার বিনিময়ে চাকরি যারা দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে সিবিআইকে। ২০১৯ সালের এই মামলা। সে সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই কমিটিতে ছিলেন, এসএসসির এডভাইজার এসপি সিনহা, কমিশনের আরও এক আধিকারিক এস আচার্য, মন্ত্রীর ওএসডি পিকে বন্দোপাধ্যায়, স্কুল শিক্ষার ডেপুটি ডিরেক্টর একে সরকার। সিনিয়র ল অফিসার টি পাঁজা। এই পাঁচজনের কমিটির নজরদারিতে নিয়োগের সুপারিশ হয়েছিল। ফলে তাদের ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই।

এদিন আদালতে প্রশ্ন উঠে কি করে তালিকার পিছন থাকা প্রার্থীরা কমিশনের সুপারিশ পেলেন। কাউন্সেলিং না করেই একজনকে কিভাবে সুপারিশ করা হলো। আদালত স্পষ্ট করেই জানিয়েছে, রাজ্যের নিয়ন্ত্রণে নেই এমন সংস্থাকে দিয়ে এই তদন্ত করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *