ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে এবার ইলামবাজারে তৃণমূলের অফিসে পৌঁছে গেল সিবিআই

আশিস মণ্ডল, সিউড়ি, ১৪ সেপ্টেম্বর: এবার বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখান থেকে তারা বেশ কিছু তৃণমূল নেতার নাম ও নম্বর সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। তবে এনিয়ে কিছু বলতে চাননি সিবিআইয়ের আধিকারিকরা।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের গণনার দিন অর্থাৎ ২ মে সন্ধ্যায় বাড়ির সামনে খুন হন বোলপুর বিধানসভার ইলামবাজার থানার গোপালনগর গ্রামের বিজেপি কর্মী গৌরব সরকার (২৯)। ওই খুনের ঘটনায় সিবিআই একই গ্রামের বাসিন্দা দিলীপ মির্ধা ওরফে গোনাকে হুগলীর শেওড়াফুলি থেকে গ্রেফতার করে। সোমবার তাকে বোলপুর আদালতে তুলে চারদিনের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই সোমবার সন্ধ্যায় পৌঁছে যায় তৃণমূলের ইলামবাজার কার্যালয়ে। সেখানে তখন ছিলেন অফিসের সম্পাদক সৈয়দ তোসারৎ হোসেন ওরফে বাবর। সিবিআই আধিকারিকরা তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর তদন্তের স্বার্থে বিগত দুটি নির্বাচনে ১৩৫/১৩৭ নম্বরের তৃণমূল বুথ এজেন্ট এবং অঞ্চল সভাপতির নাম ও নম্বর দেওয়ার আবেদন লিখিতভাবে জানায় সিবিআই। মঙ্গলবার বিকেলে ফের তৃণমূল কার্যালয়ে গিয়ে সেই সমস্ত নাম ও নম্বর সংগ্রহ করে নিয়ে যায় বলে জানান বাবর হোসেন।

অন্যদিকে নলহাটিতে বিজেপি কর্মী খুনে জেল বন্দি মইনুদ্দিন শেখ ও ইমরান শেখকে জেলের মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করেছিল সিবিআই। কিন্তু পদ্ধতিগত ত্রুটি থাকায় এদিন আদালত তাদের আবেদন মঞ্জুর করেননি। ধৃতদের পক্ষের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “হঠাৎ করেই সিবিআই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল। কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য বিচারক তাদের আবেদন মঞ্জুর করেননি। তবে বুধবার ওই আবেদনের ফের শুনানি হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *