নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ: চিটফান্ড কাণ্ডে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইকোর চিটফান্ড কাণ্ডে তাঁকে তলব করেছেন সিবিআই তদন্তকারী অফিসাররা। পাশাপাশি সারদা কাণ্ডে ফের তলব করা হয়েছে মদন মিত্রকে। কামারহাটির তৃণমূল প্রার্থীকে তলব করেছে ইডি। আগামী ১৮ মার্চের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।
আইকোর চিটফান্ড কাণ্ডে নোটিশ পাওয়ার ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায় এখনও নোটিশ পাননি, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তৃণমূল মহাসচিব। রাজ্যের শিল্পমন্ত্রী থাকার সময় আইকোরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এর আগেও আয়কোর কাণ্ডে তাঁকে একবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করেছিল। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিল্পমন্ত্রী থাকার সময় অনেকের সঙ্গেই বৈঠক হয় তাঁর। সেই রকমই আইকোরের কয়েকজন কর্তা তার কাছে শিল্পের প্রয়োজনে এসেছিলেন। সেই সময়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
আয়কোরে কান্ডে প্রথম নাম প্রকাশ্যে আসে বিজেপি নেতা মুকুল রায়ের। তিনি জানিয়েছিলেন, এই চিটফান্ড কাণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তৃণমূল মহাসচিবের।

