রাজেন রায়, কলকাতা, ২৬ এপ্রিল: ভোট চলাকালীন গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে কলকাতায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৯ এপ্রিল অষ্টম অর্থাৎ শেষ দফায় বীরভূমের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ। ভোট মেটার আগে অনুব্রতকে হাজিরা দিতে বারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের ভোটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বরাবরই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এহেন দাপুটে তৃণমূল নেতাকে সমন পাঠানোর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকার অভিযোগ উঠছে। উল্লেখ্য, দীর্ঘ তদন্তের পর গত ফেব্রুয়ারি মাসে গরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ করেছিল সিবিআই। অভিযোগপত্রে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। কিন্তু তখন কোথাও ছিল না অনুব্রত মণ্ডলের নাম। ভোটের আবহে অনুব্রতকে ফাঁসিয়ে দেওয়ার জন্যই এটা বিজেপির ছক বলে দাবি তৃণমূলের।
রাজ্যে বিধানসভা ভোটের আবহে গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত রাঘব বোয়ালদের জালে আনতে তৎপর সিবিআই। দুই পাচারের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তারির পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, তাঁরা তদন্তের পরবর্তী ধাপে পৌঁছনোর জন্য কাজ করছেন। গরু ও কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের। কয়েকদিন আগে নয়াদিল্লি থেকে বিকাশকে গ্রেপ্তার করে ইডি। আর এবার অনুব্রত মণ্ডলের নাম সংযোজন হওয়ায় শুরু হল রীতিমতো চাঞ্চল্য।

