সাথী দাস, পুরুলিয়া, ২১ এপ্রিল: তপন কান্দু খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোন উদ্ধার করল সিবিআই। তাঁর ঘর থেকে প্রায় ১৫ দিন পর উদ্ধার হল মোবাইলটি। যদিও সুইচ অফ অবস্থায় টিভির পিছন থেকে উদ্ধার করেন সিবিআই আধিকারিকরা। উদ্ধার হয় একটি বল পেন।

৬ এপ্রিল সকালে ঝালদায় তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওয়া যায় একটি সুইসাইড নোট। তাতে চাঞ্চল্যকরভাবে পুলিশের বিরূদ্ধে চাপের অভিযোগ লেখা ছিল। তার পর থেকে নিরঞ্জনের ফোনটি পাওয়া যাচ্ছিল না। ফোনে কল লিস্ট তদন্তে অনেকটাই সাহায্য করবে বলে পরিবারের দাবি।
নিহতের বৌদি পবিত বৈষ্ণব জানান, আজ নিরঞ্জনের ঘর থেকে সিবিআই মোবাইলটি উদ্ধার করে। আশাকরি এবার সঠিক তদন্তে এই মোবাইল সাহায্য করবে। উঠে আসবে আসল তথ্য।

