কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী এবং শ্যালিকাকে নোটিশ দিল সিবিআই, সহযোগিতার আশ্বাস শ্যালিকার

রাজেন রায়, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকাকে সরাসরি বাড়িতে গিয়ে নোটিশ দিলেন সিবিআই গোয়েন্দারা। এদিন কালীঘাটে অভিষেকের ‘শান্তিনিকেতন’-এর বাড়িতে গিয়ে সেই নোটিশ টাঙিয়ে দিয়ে আসেন সিবিআই অধিকারিকরা। একইসঙ্গে বাইপাসের ধারে অভিষেকের পঞ্চসায়রের একটি ফ্ল্যাটে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিশ দিয়েছেন বলে জানা গিয়েছে। কয়লা কাণ্ডে সোমবার সকাল ১১টা নাগাদ তাদের দুজনের ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদের জন্য যাবেন সিবিআই আধিকারিকরা। রবিবার রাত পর্যন্ত পাওয়া খবর, সিবিআই এর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছেন অভিষেকের শ্যালিকা, যদিও অভিষেকের স্ত্রী এখনও নীরব।

এরআগেও সোনা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল সিবিআই। এবার কয়লা পাচার কান্ডেও তাঁর যোগসূত্র খুঁজে পেলেন সিবিআই গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, অভিষেক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত কোনও কাজ করতেন না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। সিবিআই দপ্তরে তলব করা হয়নি রুজিরাকে। শুধু তাঁর সঙ্গে কথা বলতে চান গোয়েন্দারা। এদিন কেন্দ্রীয় তদন্তকারী দল যখন অভিষেকের বাড়িতে যায়, সেই সময় তাঁর বাড়িতে কেউই ছিলেন না বলেই সূত্রের দাবি। রবিবারই যাতে রুজিরার সঙ্গে কথা বলা যায়, তাই নিজেদের ফোন নম্বরও অভিষেকের বাড়িতে রেখে এসেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই দপ্তরে তলব করা হয়নি রুজিরাকে। শুধু তাঁর সঙ্গে কথা বলতে চান গোয়েন্দারা।

কিন্তু কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রীর যোগ সূত্র কি? সিবিআই গোয়েন্দাদের দাবি, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য মিলেছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট লন্ডনের এবং আরেকটি ব্যাঙ্ককের। ইতিমধ্যেই নীরজ সিং নামে একজন মধ্যস্থতাকারীর হদিস পেয়েছে সিবিআই। তিনি শ্রীরামপুরের একজন চ্যাটার্ড অ্যাকাউন্ট। বিনয় মিশ্র ঘনিষ্ঠ এই নীরজ সিং অ্যাকাউন্টে টাকা ফেলতেন বলে সিবিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, এই দুটি অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন চলত। কয়লা পাচারের মূলচক্রী অনুপ মাঝি ওরফে লালার টাকা কলকাতায় পৌঁছত বিনয় মিশ্রের কাছে। সেই টাকাই ঘুরপথে কলকাতার বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন মধ্যস্থতাকারী। সেই কারণেই এই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে চান গোয়েন্দারা। এদিন অভিষেকের স্ত্রী তাদের নোটিশে সাড়া না দিলে সোমবার ফের নোটিশ করা
হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *