সিবিআই জিজ্ঞাসাবাদ করল রামপুরহাট থানার সাসপেন্ডেন্ট আইসি ত্রিদিপ প্রামানিককে

আশিস মণ্ডল, বীরভূম, ২৯ মার্চ: মহকুমা পুলিশ আধিকারিকের পর এবার সিবিআইয়ের জেরার মুখে রামপুরহাট থানার সাসপেন্ডেন্ট আইসি ত্রিদিপ প্রামানিক। মঙ্গলবার বেলার দিকে তাঁকে রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় সাত ঘণ্টা ধরে। একই সঙ্গে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে মুখোমুখি বসিয়ে ত্রিদিপবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। বিকেলের দিকে ত্রিদিপবাবুকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে এদিন নাজমার স্বামী শেখলাল শেখ এবং ভাসুর মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বিকেলের দিকে বগটুই গ্রামের পাশে কুমাড্ডা গ্রামে যান সিবিআইয়ের দল। সেখানে নাজমা বিবির মেয়ে সাজেনা খাতুনের বাড়িতে। সেখানেই আশ্রয় নিয়ে আছেন শেখলাল শেখ। ওই বাড়িতে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকালই তদন্তে উঠে এসেছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম। এছাড়াও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি নাম উঠে এসেছে। শেখলাল শেখই প্রথম অনুব্রত মণ্ডলের নাম সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে। ফলে এদিন শেখলালকে কুমাড্ডা গ্রামে মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *