ইডি ও সিবিআই শীর্ষ কর্তাদের চাকরির মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করল মোদী সরকার, জারি অধ্যাদেশ

আমাদের ভারত, ১৪ নভেম্বর: ইডি ও সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের চাকরির মেয়াদ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। এতদিন সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টরদের চাকরির মেয়াদ ছিল দু’বছর। এক ধাক্কায় সেটা বাড়িয়ে পাঁচ বছর করা হলো।

কেন্দ্রের তরফে রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই অধ্যাদেশে বলা হয়েছে, সিবিআই এবং ইডির আধিকারিকদের নির্ধারিত দু বছরের মেয়াদ শেষে আরো একবছর করে তিনবার বাড়ানো যেতে পারে। তবে তদন্তকারী সংস্থার শীর্ষ পদে কেউ পাঁচ বছর পূরণ করে ফেললে তা আর বাড়ানো যাবে না। অধ্যাদেশে বলা হয়েছে, একমাত্র জনস্বার্থে ইডি এবং সিবিআই আধিকারিকদের মেয়াদ বাড়ানো যেতে পারে। কি কারণে মেয়াদ বাড়ানো হলো তাও লিখিতভাবে জানাতে হবে।

সম্প্রতি ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়। ২০১৮ সালের সঞ্জয় কুমারের দু বছরের জন্য নিয়োগ করে সরকার। গত বছর তার মেয়াদ এক বছর বাড়িয়ে দেয় মোদী সরকার। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়। প্রশ্ন তোলা হয় কেন মেয়াদ বাড়ানো হলো সঞ্জয় কুমার মিশ্রের? কেন্দ্র তার জবাবে জানায় গুরুত্বপূর্ণ তদন্ত শেষ করতেই তার মেয়াদ বাড়ানো হয়েছে। শীর্ষ আদালতে জানিয়ে দেয় বিরল ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে সিবিআই বা ইডির আধিকারিকদের মেয়াদ বাড়ানো যেতে পারে। তবে আধিকারিকদের মেয়াদ এক বছরের বেশি বাড়ানো যাবে না।শীর্ষ আদালতের এই রায়ের পর এবার কেন্দ্র সরাসরি অর্ডিন্যান্স জারি করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মেয়াদ বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *