হাঁসখালি গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের বাবা তৃণমূল নেতা সমরেন্দুকে গ্রেপ্তার করল সিবিআই

আমাদের ভারত, ২৯ এপ্রিল: তিন দিন আগে তৃণমূল নেতা সমরেন্দু গোয়ালাকে জেরা করেছিল সিবিআই। ওইদিন দীর্ঘক্ষণ জেরার পর তাকে ছেড়ে দেওয়া হলেও শুক্রবার সন্ধ্যায় হাঁসখালি গণধর্ষণের মূল অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালার বাবা স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দুকে গ্রেপ্তার করল সিবিআই।

জানা গেছে, আগের দিন ধর্ষণে অভিযুক্ত ব্রজগোপালের মুখোমুখি বসিয়ে তার বাবাকে জেরা করেছিল সিবিআই। তবে আগের দিন কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই সমরেন্দুকে ছেড়ে দেওয়া হয়েছিল। শুক্রবার আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। কিন্তু আজ আর ছাড়া হলো না। সিবিআই সমরেন্দুকে গ্রেপ্তার করল।

ইতিমধ্যেই সিবিআই জানতে পেরেছে, ধর্ষণ করার আগে হাঁসখালির ওই নাবালিকাকে মাদক খাওয়ানো হয়েছিল। গাঁজাও খাওয়ানো হয়েছিল ওই ১৪ বছরের মেয়েটিকে। মাদকাসক্ত অবস্থাতে তার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে ব্রজ ও তার বন্ধুরা। ঐদিন ব্রজ গোয়ালার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল মেয়েটি। হাঁসখালি নাবালিকার পরিবার জানায়, ব্রজ গোয়ালার জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পরই তাদের মেয়ের পেটে অসহ্য ব্যথা শুরু হয়। প্রচুর রক্তপাত শুরু হয় তার। ব্যথা বাড়ায়, স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে যায় নাবালিকার মা। কিন্তু বাড়ি ফিরে তিনি দেখেন তার মেয়ে আর বেঁচে নেই।

এরপর ৫ এপ্রিল ভোররাতে ওই নাবালিকার দেহ জোর করে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। কোনো ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। উল্টে পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালির নাবালিকার গণধর্ষণের ঘটনা তদন্ত করছে সিবিআই। গোয়েন্দারা তদন্তে জানতে পারেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দুর ছেলে ব্রজগোপাল ও তার বন্ধু প্রভাকর পোদ্দার। আগেই ব্রজগোপাল ও প্রভাকরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখন তারা সিবিআইয়ের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *