আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ সেপ্টেম্বর:
আর্থিক তছরুপ মামলায় ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী মধুসূদন মুখার্জিকে গ্রেপ্তার করল সিবিআই। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্ট বিভাগের কর্মী ছিলেন মধুসূদন মুখার্জি। তিনি ব্যারাকপুরে এসএন ব্যানার্জি রোডের চার্নক পুলিশ ফাঁড়ির পিছনের গলির উপাসনা আবাসনে বাসিন্দা। ২০১৬ সালের আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার করা হয় রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্টস বিভাগের এই কর্মীকে। প্রাথমিকভাবে জানা গেছে, ১ কোটি ৭০ লক্ষ টাকা তছরূপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।
প্রসঙ্গত, ২০১৬ সালে আর্থিক তছরুপের ঘটনা সামনে আসতে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী মধুসূদন মুখার্জিকে সন্দেহের তালিকায় আনা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর এই মামলার তদন্ত ভার সিবিআই’য়ের কাছে যায়। বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের এক তদন্তকারী দল ব্যারাকপুরে মধুসূদন বাবুর ফ্ল্যাটে আসেন এবং তাকে জেরা করবার জন্য সাথে করে নিয়ে যান। সূত্রের খবর, তাকে রাতভর জেরা করে সিবিআইয়ের তদন্তকারী কর্তারা। সেখানেই তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই গোটা বিষয়ে অভিযুক্তের পরিবার বা আবাসনের বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হলে কেউ মুখ খুলতে চাননি।
ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ জানান, সংবাদ মাধ্যমের সূত্রে তিনি জানতে পেরেছেন তারই ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন মুখার্জি গ্রেপ্তার হয়েছেন আর্থিক তছরূপের ঘটনায়।

