দুটি পৃথক ঘটনার তদন্তে একই দিনে নন্দীগ্রামে সিবিআই ও সিআইডি

আমাদের ভারত, নন্দীগ্রাম, ৩১ আগস্ট: নন্দীগ্রামে একই দিনে সিবিআই ও সিআইডির তদন্তকারী দল। ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নন্দীগ্রামে এল সিবিআইয়ের তদন্তকারী দল। তারা নন্দীগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং অত্যাচারিত পরিবারের সঙ্গে কথা বলেন।

অন্যদিকে নন্দীগ্রাম বিরুলিয়া ভোটের প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগে সেই ঘটনার তদন্তে আজ এলাকায় আসে সিআইডির একটি প্রতিনিধি দল। সিবিআইয়ের প্রতিনিধি দল নন্দীগ্রাম ১ নং ব্লকের চিল্লগ্রামে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে আসে আজ। গত বিধানসভা ভোটের গণনার পরের দিন গত ৩মে তৃণমূল কর্মীদের হাতে গুরুতর আহত হয় চিল্লগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি বলে অভিযোগ বিজেপির। গুরুতর আহত বিজেপি কর্মী দেবব্রত মাইতির ১৩ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আজ নন্দীগ্রামে সিবিআইয়ের দল এসে চিল্লগ্রামে মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির পরিবারের লোকের সঙ্গে কথা বলেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। প্রায় ঘন্টা দুয়েক তারা নন্দীগ্রামে ছিলেন। এরপর নন্দীগ্রাম থেকে তারা খেজুরিতে যান এক নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে। সিবিআই প্রতিনিধিদলের সঙ্গে রাজ্য পুলিশের প্রতিনিধিরা থাকলেও তাদের অনেকটাই দূরে সরিয়ে রাখেন সিবিআইয়ের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

অন্যদিকে গত বিধানসভা ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রচারে এসে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়াতে পায়ে গুরুতর আঘাত পান। সেই ঘটনার তদন্তে আজ বিরুলিয়া বাজারে আসে সিআইডির পাঁচজন সদস্যের একটি তদন্তকারী দল। এই তদন্তকারী দল বিরুলিয়া বাজার এলাকায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং ঐদিন কর্তব্যরত সিভিক পুলিশদের সঙ্গেও কথা বলেন। সিআইডি দলটি প্রায় ঘন্টা দুয়েক এলাকায় থেকে ওই ঘটনার তদন্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *