জয় লাহা, দুর্গাপুর, ২৯ সেপ্টম্বর: নিম্নচাপের জের। কাঁকসার রঘুনাথপুরে বাড়ির ওপর ছিঁড়ে পড়ল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। আর তাতেই বিপত্তি ঘটল। বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিটে মারা পড়ল গরু। গৃহস্থ বাড়িতে শর্ট সার্কিট হয়ে পুড়ল বৈদ্যুতিক সরঞ্জাম। কাঁকসার রঘুনাথপুর গ্রামের ঘটনা।
অভিযোগ, জনবসতির ওপর দিয়ে হাইটেনশন তার গেলেও নেই কোনও সুরক্ষা। আর তার জেরেই এদিনের দুর্ঘটনা। আতঙ্কে এলাকাবাসী।
ঘটনায় জানা গেছে, এদিন সকালে কাঁকসার রঘুনাথপুর গ্রামের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে। তার জেরে গ্রামের নারায়ন বাগদী নামে এক বাসিন্দার উঠনো গরু বাঁধা ছিল। বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিটে গরুটি মারা যায়। প্রনব চৌধুরী নামে আর এক বাসিন্দার বাড়ির ওপর তার ছিঁড়ে পড়ায় গোটা বাড়ির বিদ্যুৎ সংযোগ শর্ট সার্কিট হয়ে পড়ে। ফলে বাড়ির যাবতীয় বিদ্যুৎ সরঞ্জাম পুড়ে যায়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য কাজল মিত্র বলেন, “স্থানীয় বিদ্যুত বিভাগের কর্মীদের উদাসীনতায় আজকের দুর্ঘটনা। জনবসতির ওপর ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার লাগানো হলেও কোনও সুরক্ষা ছিল না। বহুবার আবেদন করা হয়েছিল। কিন্তু কেন গুরুত্ব দেয়নি স্থানীয় বিদ্যুত বিভাগ।” যদিও দুর্গাপুর ডিভিশনাল বিদ্যুত বিভাগ জানিয়েছে, ওই এলাকায় হাইটেনশন লাইন অনেক পুরোনো। এভাবে হাইটেনশন লাইনের নীচে ঘর করা যায় না। আবহাওয়া পরিস্কার হলে ওইসব লাইনে সুরক্ষা খাঁচা তৈরী করে দেওয়া হবে।” প্রতিবাদে সাব স্টেশনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

