আমাদের ভারত, হুগলি, ৩০ মার্চ: চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে মারধরের ঘটনায় একাধিক ধারায় মামলা হল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বুধবার চুঁচুড়ার সিজেএম আদালতে আইনজীবী মলয় মজুমদার এই মামলাটি করেন। আদালতের তরফে মামলাটি গৃহিত হয়েছে বলে জানা গিয়েছে।
আইনজীবী মলয় মজুমদার বলেন, বিধানসভায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে শুভেন্দু অধিকারী মারধর করেছেন। পাশাপাশি শুভেন্দুবাবু সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছিলেন, এই ভাবে সমস্ত তৃণমূল নেতাদের শিক্ষা দেওয়া হবে।
গত সোমবার চুঁচুড়ার পিপুলপাতি এলাকা থেকে বিজেপি একটি প্রতিবাদ মিছিল করেন। সেই মিছিলে বিজেপি নেতা নিমাই দত্ত ওই আইনজীবী মলয় মজুমদার ও এক চিকিৎসক শিবাঙ্কু ভট্টাচার্যকে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই ওই আইনজীবী চন্দননগর পুলিশ কমিশনারেটে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ কোনও ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ। বুধবার এই ঘটনায় মলয়বাবু চুঁচুড়া আদালতে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা নিমাই দত্তের বিরুদ্ধে একটি মামলা করে।
এই প্রসঙ্গে চুঁচুড়ার বিজেপি নেতা নিমাই দত্ত বলেন, প্রথমত, ঘটনার দিন আমি পিপুলপাতি মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। দ্বিতীয়ত, অনেক দিন ধরেই তৃণমূলের তরফে আমাকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার জন্যে চাপ দিচ্ছিল। কিন্তু, কোনও ভাবেই আমি তৃণমূলে যেতে রাজী হইনি। সেই কারনেই ওরা হয়ত এই ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

