হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে আসানসোল আদালতে মামলা

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা করা হলো আসানসোল আদালতে। এই মামলা গ্রহণ করেছে আদালত বলে খবর। বৃহস্পতিবার আসানসোলের প্রবীণ আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে শুধু রাহুল গান্ধী নয় তার সাথে আরও কয়েকজনের নাম রয়েছে এই মামলায়।

মামলাকারীর অভিযোগ, গত ১২ এবং ১৯ ডিসেম্বর রাহুল গান্ধী রাজস্থানে ও উত্তরপ্রদেশে দুটি সভায় হিন্দুত্ববাদীদের প্রসঙ্গ টেনে বলেছেন, “যে ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায়।‌দেশের দুর্দশার জন্য এরাই দায়ী।” রাহুল গান্ধীর এই বক্তব্যের উপর বিভিন্ন খবরের কাগজে প্রতিবেদন ও ইলেকট্রনিক মিডিয়ার ভিডিও প্রমাণ হিসেবে জমা করেছেন আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী।

মামলাকারীর অভিযোগ, রাহুল গান্ধীর এই মন্তব্যে তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। সংবিধান অনুযায়ী যে কোনও মানুষ মে কোন ধর্ম পালন করতে পারেন। কিন্তু কারো ধর্মকে এভাবে আঘাত করা যায় না। আগামী মাসের ৩০ তারিখে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা আইনজীবী প্রসেনজিৎ নন্দী এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান ওই আইনজীবীর পেশা হয়তো এখন জমছে না, তাই নিজেকে প্রচারের আলোতে আনতে এমনটা করেছেন। তার দাবি, রাহুল গান্ধী তার বক্তব্যে কিছুই ভুল বলেননি।

দিন কয়েক আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, হিন্দুত্ববাদীরা সর্বদা ঘৃণা ও হিংসা ছড়িয়েছে। এর জন্য সমস্ত সম্প্রদায়কে মূল্য দিতে হয়। এরপর হরিদ্বারে অনুষ্ঠিত একটি ধর্ম সংসদে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ‌ করে রাহুল গান্ধী টুইটে লিখেছেন, “হিন্দুত্ববাদীরা সবসময় ঘৃণা হিংসা ছড়ায়। দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান এর মূল্য দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *