মাটির নিচ থেকে উদ্ধার কার্বাইন পিস্তল রাইফেল, পান্ডবেশ্বরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

জয় লাহা, দুর্গাপুর, ২০ আগষ্ট: আবারও খনি অঞ্চলে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুস্কৃতী। উদ্ধার হল নাইন এমএম কার্বাইন, পিস্তল, রাইফেল ম্যাগজিন। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পান্ডবেশ্বর রামনগর এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম শিবু পাশওয়ান। তার বাড়ি পান্ডবেশ্বর রামনগর এলাকায়। 

 ঘটনায় জানা গেছে, গত ১ আগষ্ট  নাকা চেকিং চালানোর সময় পুলিশি অভিযানে সুনীল পাশওয়ান নামে এক দুস্কৃতী আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে। আদালতে তাকে নিজ হেপাজতে নেয় পুলিশ। তাকে জেরা করে পুলিশ আরও কয়েকজনের নাম পায়। যাদের কাছে এধরনের অত্যাধুনিজ আগ্নেয়াস্ত মজুত রয়েছে। সেই মতো পুলিশ তদন্ত শুরু করে। বৃহঃস্পতিবার পুলিশ শিবু পাশওয়ান নামে সুনীলের এক সাগরেদের বাড়িতে হানা দেয়। অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে রামনগর -৩ নং কালি মন্দির এলাকায় মাটির নিচে মজুত রাখা কার্বাইন, ম্যাগজিন ও রাইফেল উদ্ধার করে। আর প্রশ্ন এখানেই।

এধরনের আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে। জানা গেছে, নাইন এমএম কার্বাইন মুলত ফোর্সে ব্যবহৃত হয়। কিন্তু আগ্নেয়াস্ত্র চলে হাতে এল কি ভাবে? শুক্রবার দুর্গাপুরে ডিসি (পুর্ব) অভিষেক গুপ্তা সাংবাদিক সম্মেলন করে জানান, “আগ্নেয়াস্ত্র পাচার চক্রে মুল চক্রী সুনীল পাশওয়ান। তার সাগরেদ শিবু ছাড়াও আরও কয়েকজন রয়েছে। শিবুকে ধরা হয়েছে। এরা মুলত ক্যারিয়ার। বাকিদের খোঁজ চালানো হচ্ছে। আগ্নেয়াস্ত্রের নম্বর দেখে খোঁজ চলছে, কোথা থেকে তৈরি, কোথা থেকে কিভাবে এদের হাতে এসেছে।

অভিষেক গুপ্তা জানান, ধৃতকে আজ আদালতে তোলা হয়েছে। পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কি উদ্দেশ্যে কোথা থেকে এধরনের আগ্নেয়াস্ত্র পেয়েছে। কোনওরকম অপরাধমুলক কাজকর্মে জড়িত রয়েছে কি না, ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *