লকডাউনেও গাড়ি চেকিং! রাজ্য সড়কে দুর্ঘটনা, কুশমন্ডিতে পুলিশের গাড়ি ভেঙ্গে নয়ানজুলিতে উলটে দিল গ্রামবাসীরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ জুন: লকডাউনের মধ্যেও গাড়ি চেকিংয়ের ভুয়ো অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি। গাড়ি ভাঙ্গচুর করে নয়ানজুলিতে উলটে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কুশমন্ডির দেহট্ট এলাকা। বাসিন্দাদের অভিযোগ, লকডাউনের মধ্যেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চেকিং চালাচ্ছিল পুলিশ। যে সময় পুলিশের গাড়ি দেখে মোটর বাইক থামাতেই পথ দুর্ঘটনার কবলে পড়ে এলাকার দুই বাইক আরোহী। পিছন থেকে আসা অন্য গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত বাসিন্দারা বেপরোয়া ভাঙ্গচুর চালায় পুলিশের গাড়িতে। এরপরে আরও উত্তেজিত হয়ে রাজ্য সড়কের পাশের নয়ানজুলিতে উল্টে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। পুলিশ জানিয়েছে, আহত দুই বাইক আরোহীর নাম বিশ্বজিৎ সরকার (৩০) ও সঞ্জয় সরকার (২৭)। কুশমন্ডি থানার ঊষা হরন এলাকার বাসিন্দা।

জানা গেছে, এদিন দুপুরে বাড়ি থেকে মোটর বাইক নিয়ে টাকা আনতে যাচ্ছিল ওই দুই যুবক। পথে লকডাউনের কারণে খুলে রাখা দোকানগুলো বন্ধ করছিল পুলিশ। যদিও বাসিন্দাদের দাবি এলাকায় গাড়ি দাঁড় করিয়ে চেকিং চালাচ্ছিল পুলিশ। যে সময় পুলিশের গাড়ি দেখে বাইক আস্তে করতেই পেছন থেকে একটি দ্রুত গতির গাড়ি এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। এদিকে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে ওই দুর্ঘটনার জেরে বাইকে থাকা দুই যুবকেরই মৃত্যু হয়েছে। আর এতেই পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে উঠে উত্তেজিত গ্রামবাসীরা। ভাঙ্গচুর করবার পাশাপাশি রাস্তার ধারে উল্টে দেওয়া হয় পুলিশের দুটি জিপ। এদিকে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে বিশ্বজিৎ সরকার নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।

সঞ্জয় সরকার নামে আহত মোটর বাইক আরোহী জানিয়েছেন, পুলিশের গাড়ি দেখে তারা মোটরবাইক দাঁড় করিয়েছিলেন। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তারা। এর পরে আর কিছুই জানেন না।

যদিও জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। একটা ভুয়ো খবর এলাকায় রটে যাওয়াকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *