আমাদের ভারত, হাওড়া, ১৯ অক্টোবর: চলন্ত অবস্থায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান মানকুড় মোড়ে উড়ালপুলের উপরে।

জানাগেছে, বুধবার সকাল ১০টা নাগাদ প্রাইভেট গাড়িটি ঘোড়াঘাটা থেকে উলুবেড়িয়া অভিমুখে যাওয়ার সময় বাগনান মানকুড় মোড়ে উড়ালপুলের উপরে গাড়ির চালক লক্ষ্য করেন গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কে চালক গাড়ি থামিয়ে তিনি ও গাড়ির মালিক গাড়ি থেকে নেমে পড়েন। যদিও ততক্ষণে গাড়িটিতে আগুন ধরে গেছে এবং কয়েক মিনিটের মধ্যে গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়।

এদিন আগুন লাগার খবর পাওয়ার পরেই বাগনান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন।
এদিকে গাড়িতে আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বাগনান থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


