পৈতে পরা যাবে না, সিঁদুর মাথায় রাস্তায় হাঁটতে দেওয়া হবে না, কর্ণাটকের ঘটনায় বাংলাদেশের হিন্দুদের হুমকি

আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি:কর্ণাটকের হিজাব বিতর্ক তুঙ্গে উঠেছে ভারতে। কিন্তু সেই বিক্ষোভের আগুন এবার ছড়ালো বাংলাদেশেও। সেখানে এক মৌলবি সংখ্যালঘু হিন্দুদের উদ্দ্যেশ্যে হুমকি দিয়ে বলেছেন, পৈতে পরা যাবে না, সিঁদুর মাথায় রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। একই সঙ্গে তার হুঁশিয়ারি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কিভাবে কন্ঠ রোধ করতে হয় তা তারা জানেন।

ইতিমধ্যেই হিজাবের সমর্থনে পশ্চিমবঙ্গেও রাস্তায় নামতে দেখা গেছে কিছু মানুষকে। মুর্শিদাবাদের একটি স্কুলে হিজাবের বিরোধিতা করায় শিক্ষককে বদলি করা এবং বিক্ষোভ দেখানোর মতো ঘটনা ঘটেছে। কিন্তু এই হিজাব বিতর্ক শুধু ভারত বা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নেই। এই বিতর্কের ঝড় আছড়েছে বাংলাদেশেও। সেখানে ভারতে কর্ণাটকের মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে না দেওয়ায় বাংলাদেশের মুসলিম সংগঠনগুলিও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। তবে সেখানে শুধু হিজাব নিষিদ্ধের বিরুদ্ধেই প্রতিবাদ করা হয়নি, সেখানে থাকা দেশে সংখ্যালঘু হিন্দুদের হুঁশিয়ারি দিতে দেখা গেছে।

বাংলাদেশের চরমোনাই পীরের দলের কেন্দ্রীয় যুব সভাপতি মৌলানা মহম্মদ নেছার উদ্দিন হিজাবের ঘটনায় সেদেশের হিন্দুদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, কর্নাটকে যদি মুসলিম ছাত্রীদের স্কুল কলেজে হিজাব পরে ঢুকতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের পৈতে পরা চলবে না। মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাঁটতে দেওয়া হবে না হিন্দু বিবাহিত মহিলাদের।

তিনি আরও বলেছেন, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এখানে কন্ঠ কিভাবে স্তব্ধ করে দেওয়া যায় সে পথ মুসলমানরা ভালো করেই জানে।

বাংলাদেশে ঘটে যাওয়া এই প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সে দেশের জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির প্রচার সম্পাদক গৌতম হালদার প্রান্ত। তার শেয়ার করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *