ক্যানিংয়ের ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়: শুভেন্দু 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: ক্যানিংয়ের ঘটনাকে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের আমদাবাদ এলাকায় দলের সশক্তিকরণ জনসংযোগ যাত্রায় যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিভিন্ন এলাকায় খুনের ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা মন্তব্য করেন।

নন্দীগ্রামে বিধানসভা ভোটের পর বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হন। সেই মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা আবু তাহের এখনো জেল বন্দি। আবু তাহেরের হাইকোর্টে জামিন না পাওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, হাইকোর্টের রায়ের ব্যাপারে তিনি কিছু বলবেন না। তবে, দেবব্রত মাইতি খুনের ঘটনায় এরা সবাই যুক্ত, এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত বলে মনে করেন নন্দীগ্রামের বিধায়ক।

কানিংয়ের তৃণমূল নেতা খুন প্রসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির ইঙ্গিত দিয়ে বিরোধী দলনেতা বলেন, ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে টাওয়ার বানাতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর জন্য ৭০০০ এবং অভিষেকের জন্য ৪০০০ পুলিশ ব্যস্ত থাকে। আর বাকি পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত। তাই রাজ্যের আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে।

মহুয়া মিত্র প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস দলটাই হিন্দু বিরোধী দল। এদিন তিনি জনসংযোগ যাত্রায় বিভিন্ন বাড়িতে যান এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কি না তা নথিভুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *