জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: রাজধানী এক্সপ্রেসে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘গাঁজা’। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লাগোয়া হিজলি স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই রেল পুলিশ অভিযান চালায়। উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার গাঁজা। গ্রেফতারও করা হয় এক পাচারকারীকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়। তবে, ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। এই গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


