লোকসভা নির্বাচনে বিজেপি নেতা কর্মীরা এলাকায় ভোট চাইতে এলে বেঁধে রাখুন, ক্যানিংয়ে নির্দেশ তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ নভেম্বর: লোকসভা ভোটে বিজেপি নেতা কর্মীরা এলাকায় ভোট চাইতে আসলে তাদের বেঁধে রাখার নিদান দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বৃহস্পতিবার সকালে ক্যানিং বাসস্ট্যান্ডে তৃণমূলের একটি জনসংযোগ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা দেন পরেশ।

১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা সহ কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা থেকে রাজ্য সরকার বঞ্চিত, ফলে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এই বঞ্চনার প্রতিবাদেই তৃণমূল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি করছে। গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল নেতা কর্মীরা, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা সহ অন্যান্য কর্মসূচির টাকা রাজ্য সরকারকে দেয়নি।

এদিন পরেশ বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী তথা বিরোধীদের উদ্দেশ্যে জানান, “দল মত নির্বিশেষে কেন্দ্রের কাছে সকলকেই রাজ্যের এই পাওনা টাকার জন্য আন্দোলন করতে হবে। দলের ঝান্ডা সরিয়ে দিয়ে মানুষের জন্য এই লড়াইয়ে সামিল হন। বিরোধীরা যদি এই আন্দোলনে সামিল না হয়, শুধুই রাজনীতি করে তাহলে আগামী লোকসভা নির্বাচনের জন্য এলাকায় ভোট চাইতে এলে তাদের বেঁধে রাখা হবে।”

যদিও এই প্রসঙ্গে পরেশকে পাল্টা এক হাত নিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনিপ দাস। তিনি বলেন, “তৃণমূল যে গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা মেরে খেয়েছে সেই টাকার হিসেব না দিলে কেন্দ্র টাকা দেবে না। টাকাটা গরিব মানুষের জন্য, তৃণমূলের চোর চিটিংবাজের জন্য নয়। জনগণ সব বুঝতে পেরেছে, প্রচারে গেলে তৃণমূলকেই বেঁধে রাখবেন এলাকার মানুষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *