সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ ফেব্রুয়ারি: স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে শাসক দল তৃণমূলের শিক্ষা সেলের দুই প্রতিনিধির পরাজয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বাকুঁড়া শহরে মিশন বয়েজ স্কুল হিসেবে পরিচিত ক্রিশ্চান কলেজিয়েট স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ছিল আজ। সেই নির্বাচনে দুটি আসনে শাসক দল তৃণমূলের শিক্ষক সংগঠন শিক্ষা সেলের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন শিক্ষা সেলের স্কুল ইউনিটের সভাপতি প্রসূন ব্যনার্জি ও তারা প্রসন্ন চট্টোপাধ্যায়। তাদের বিরুদ্ধে প্রার্থী হন কেদার নাথ দে ও অমিত আলি। নির্বাচনের ফলাফলে দেখা যায় ৩১জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেখানে শিক্ষা সেলের সভাপতি প্রসূন বাবু সহ অপর প্রার্থী তারাপ্রসন্ন চট্টোপাধ্যায় ১৩-১৮ ভোটে পরাজিত হয়েছেন।
এপ্রসঙ্গে শিক্ষা সেলের মিশন স্কুল ইউনিটের সভাপতি তথা পরাজিত প্রার্থী প্রসূন ব্যনার্জি বলেন, দশজন শিক্ষকের নিয়োগ আদালতে বিচারাধীন রয়েছে। হিসাব অনুযায়ী তাদের ভোটাধিকার থাকার কথা নয়। বিষয়টি ডিআই সাহেবকে জানানো হয়েছে।
এবিষয়ে শিক্ষা সেলের জেলা সভাপতি গৌতম দাস বলেন, ওই স্কুলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী চারজনই আমাদের। সে কারণে আমরা মাথা লাগাইনি। প্রসূন ব্যনার্জি যেমন শিক্ষা সেলের ইউনিট প্রসিডেন্ট, তেমনি কেদার নাথ দে দলের ১নং ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। চারজন প্রার্থীই আমাদের।

