সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি:
পুরভোটের নাম ঘোষণার পর থেকেই চলছে হিংসার রাজনীতি। কখনও বিজেপি প্রার্থীকে মারধরের করে ফ্ল্যাগ লাগাতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তো কখনও তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়ে এবং দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনায় বনগাঁয় চলচ্ছে হিংসার রাজনীতি। এমনই অভিযোগ সাধারণ মানুষের।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীপ্তেন্দু বিকাশ বৈরাগী অভিযোগ করেন, এলাকায় ফ্ল্যাগ লাগাতে গেলে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী তাঁকে বাধা দেয়। প্রতিবাদ করতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয়। এক দিন পার হতেই ওই ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় অভিযোগ করেন, বিজেপি কর্মীরা, তাদের লাগানো ফ্ল্যাগ ছিঁড়ে ও তাদের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছে বিজেপি। শুক্রবার রাতে বনগাঁ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বনগাঁর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা লেখা এলাকার একাধিক দেওয়াল রাতের অন্ধকারে সাদা রং করে দিয়েছে বিজেপি। ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপ্তেন্দু বিকাশ বৈরাগীর মদতে তাঁর লোকজন এই কান্ড ঘটিয়েছে বলে কৃষ্ণা দেবীর অভিযোগ।

যদিও অভিযোগ অস্বীকার করে দীপ্তেন্দু বিকাশ বৈরাগী বলেন, ‘রাজ্যজুড়ে যেখানে বিজেপি নেতা, কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, সেখানে বনগাঁয় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ হাস্যকর। দিন দুই আগে আমার উপর হামলা হয়েছিল। তার জোড়ালো প্রতিবাদ হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।’ শনিবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল, এলাকার বেশ কিছু জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ জঙ্গলের ভেতরে ফেলা রয়েছে। বেশ কয়েকটি দেওয়ালে সাদা রং করে বিজেপির নাম লিখে দেওয়া হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে কৌশিক জোয়ারদার নামে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নির্বাচনী প্রতিনিধির ৬ জনের নামে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশপাশি, এদিন সকালে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন ওয়ার্ডের কর্মীরা।

