আমাদের ভারত, হুগলি, ৮ মার্চ: গোগাটের বাসিন্দা ক্যান্সার রোগী আইসিডওএস কর্মীর নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। আর এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে।
গোঘাটের বাসিন্দা আইসিডওএস কর্মী ক্যান্সার রোগীর নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। তার স্বামীর নামও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এমনকি ছেলের নামও বিচারাধীনের তালিকায়। চিন্তিত পরিবার ছোটাছুটি করছেন। শাসক দলের দাবি, এস আই আর নিয়ে তাদের নেত্রী আন্দোলন করছেন। বিরোধী বিজেপির দাবি, এস আই আর প্রক্রিয়া রাজ্য সরকারের কর্মীরাই করেছেন। এমনকি অস্থায়ী কর্মীরাও যুক্ত। চক্রান্ত করেই বাদ দিয়েছে।
গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের গোঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা বন্দনা নাগা অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি ক্যান্সার রোগী হওয়ায় তার কেমো চলছে। এস আই আর- এর শুনানিতে হাজির হওয়ার নোটিশ পেয়েছিলেন। আগেভাগে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করায় বাড়িতেই ভেরিফিকেশন হয়। পরবর্তীতে এস আই আর- এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বন্দনা নাগা ও তার স্বামী বিকাশ রায়ের নাম নেই চুড়ান্ত ভোটার তালিকায়। আর এই নিয়েই ৬ জনের পরিবারটি চরম আতঙ্কগ্রস্থ।
বন্দনার স্বামী বিকাশ গাড়ির চালক। তিনিও একদিকে ক্যান্সার রোগী স্ত্রী ও অন্যদিকে ভোটার তালিকায় তার নাম বাদ যাওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রশাসনের দ্বারে দ্বারে কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বন্দনার ছেলে সীমন্ত। এমনকি অনলাইনে ৬ নং ফর্মও পূরণ করতে পারছেন না।
যদিও এই নিয়ে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপি একে অপরের উপর দোষ চাপিয়েছে।

