আমাদের ভারত, ১৩ আগস্ট: সোমবার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রত্যেকবারের মতো লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৪০০ জন ঘুড়িবাজকে মোতায়েন করা হয়েছে ওইদিন চাঁদনী চক এলাকায় পুলিশের তরফে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে, লালকেল্লায় যেখান থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভাষণ দেবেন তার দিকে ঘুড়ি উড়ে যেতে পারে। সে কারণেই দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ৪০০ ঘুড়িবাজকে ভাড়া করা হয়েছে। লাল কেল্লা সংলগ্ন চাঁদনীচক এলাকায় ছাদে ছাদে তাদের মোতায়েন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে যদি কোনো ঘুড়ি উড়ে আসে তখনই ঘুড়ি বাজরা বিশেষ কায়দায় সেই ঘুড়ি কেটে নিরাপত্তা সুনিশ্চিত করবেন।
অন্যদিকে সম্প্রতি দিল্লির বাটলা হাউস থেকে এক আই এস জঙ্গিকে আটক করা হয়েছে। ওই আইএস জঙ্গিকে গ্রেফতারের পরপরই ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ধৃতকে জেরা করে জানা গিয়েছে ভারত থেকে সিরিয়াতে টাকা পাঠাতো সে।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে দশ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে লালকেল্লার আশপাশের বাড়ির ছাদে স্নাইফার মোতায়েন করা হবে এবং নজরদারি চালানো হবে। স্নিফার ডগও থাকবে।
অন্যদিকে সম্প্রতিক পূর্ব দিল্লিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কার্তুজ উদ্ধার হয়েছে। জঙ্গি গ্রেপ্তারের পর কার্তুজ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কার্তুজ উদ্ধারের ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিছুদিন আগেই দিল্লি পুলিশের কাছে গোয়েন্দা সূত্রে তথ্য এসেছিল, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জঙ্গি সংগঠন হামলা চালাতে পারে। তারপর থেকে দিল্লিতে তল্লাশি অভিযান চালানো শুরু হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা সুনিশ্চিত করা এখন পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের অন্যতম লক্ষ্য।

