ভ্রাম্যমাণ বাতানুকুল বাসে শিবির, উৎসাহিত করছে পুরুলিয়ার রক্তদাতাদের

সাথী দাস, পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর: ভ্রাম্যমাণ বাতানুকুল বাসে রক্তদান শিবির হল পুরুলিয়ায়। এই ব্যবস্থা উৎসাহিত করছে দাতাদের। আজ পুরুলিয়ায় অনুষ্ঠিত শিবিরে রক্তদাতাদের উৎসাহ তার–ই জানান দিল। প্রত্যন্ত এলাকায় কম সংখ্যক দাতার থেকে রক্ত সংগ্রহ করতে এই ধরনের আধুনিক ভাম্যমাণ শিবিরের আয়োজন করেছে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য শাখা।

পুরুলিয়া শহর এবং আদ্রা ছাড়াও অযোধ্যা পাহাড়েও পর্যায়ক্রমে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। করোনা অতিমারিতে রাজ্যে প্রত্যেকটি জেলায় রক্তদানের ধারা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে ভ্রাম্যমাণ গাড়িতে রক্ত সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক কবি ঘোষ। অত্যাধুনিক বাসটিতে তিনটি শয্যা রয়েছে। করোনা বিধিনিষেধ মেনে স্বাস্থ্য দফতরের এই বাসে শিবির হচ্ছে বলে জানান।

রাজ্যের ২৩ টি জেলায় পরিক্রমা করছে এই বিশেষ বাসটি। পুরুলিয়াতে এই প্রথমবার আয়োজন হল। জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন, নীলকুঠি ডাঙ্গা ক্লাব এবং উপহার নামে একটি সংস্থার যৌথ ব্যবস্থাপনায় আজকের এই শিবির আয়োজন হয়। শিবিরে উৎসাহের সঙ্গে রক্ত দান করেন দাতারা। মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রীড়া সংগঠক বৈদ্যনাথ মণ্ডল বলেন, “করোনা আবহ এবং প্রাক পুজোয় রক্তদান শিবির কম হওয়ায় সংকট দেখা দেয়। এই ধরনের শিবির সেই সমস্যা দূর করবে এবং রক্তের যোগান ঠিক রাখবে বলে আমার বিশ্বাস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *