কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মার্চ:
দাসপুুর বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী জগদীশ মন্ডল অধিকারীর সমর্থনে বৃহস্পতিবার দলের কর্মীরা সকালে সোনামুই হাট এবং বিকেলে গৌরাতে প্রচার কর্মসূচি করলেন। প্রার্থী ছাড়াও ওই কর্মসূচিতে ছিলেন দলের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক, দাসপুর সাংগঠনিক কমিটির পক্ষে বিভা পাল, সুমন্ত সী, দীপঙ্কর মাইতি প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, কৃষক ও শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট ও কর্পোরেট স্বার্থরক্ষাকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সুবিধাবাদী কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করার কথা বলেন। দাসপুর ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে এসইউসিআই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রার্থী জগদীশ মন্ডল অধিকারী বলেন, ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধে, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে মহকুমাজুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যুক্ত। কেন্দ্রীয় সরকার স্কিমটিতে ছাড়পত্র দিলেও আজও কোনও অর্থ বরাদ্দ করেনি। এই আন্দোলন সহ ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার সহ বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে ব্যাটারি টর্চ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

