প্রচারে টক্কর দুই প্রাক্তন আইপিএস প্রার্থীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রে এবার যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন দুই প্রাক্তন আইপিএস। তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির এবং বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ডেবরাকে হুমায়ুন কবীর নিজের জন্মস্থান উল্লেখ করে নিজেকে ভূমিপুত্র বলে দাবি করছেন। যদিও কর্মসূত্রে তিনি দীর্ঘদিন বাইরে কাটিয়েছেন। অপরদিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। সেজন্য কর্মসূত্রে তিনিও নিজেকে ভুমিকন্যা বলেই দাবি করছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবীর অবশ্য ভারতী ঘোষকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না।

হুমায়ুন কবীর বলেন, তার প্রতিদ্বন্দী হচ্ছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী প্রাণকৃষ্ণ মন্ডল। যদিও গত লোকসভা ভোটে ডেবরা বিধানসভায় বিজেপি যথেষ্ট এগিয়ে ছিল। দীর্ঘদিন বামফ্রন্টের দখলে থাকা ডেবরা বিধানসভা কেন্দ্র ২০১১ সালের পর তৃণমূলের দখলে আসে। প্রতিদিন সকাল থেকে যুযুধান দুই দলের এই দুই প্রাক্তন আইপিএস অফিসারকে ডেবরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সমানে প্রচার করতে দেখা যাচ্ছে। একদিকে যেমন গত দশ বছরের উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির তেমনি অপরদিকে তৃণমূলের কাটমানি ও নানান দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং কেন্দ্র সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচার করছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।বিধানসভা ভোটে প্রাক্তন দুই আইপিএস আধিকারিকের মধ্যে ডেবরা কেন্দ্রের ভোটাররা কাকে বেছে নেন সেটাই দেখার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *