সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: বিজ্ঞানভিত্তিক ও যুক্তিবাদী মনন গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত শিবিরের আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখা।

শিবিরে আকাশ পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: সুশান্ত কুমার মন্ডল। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বিজ্ঞান আন্দোলন নিয়ে আলোচনা করেন আসানসোল বিসি কলেজের অধ্যাপক তথা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সর্বভারতীয় অফিস সম্পাদক অধ্যাপক ড: তপন কুমার শী। এছাড়াও সাপ নিয়ে সচেতনতা মূলক আলোচনা ও ওপেন ক্যুইজ প্রতিযোগিতা হয়। সাপে কাটা রোগীকে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, প্রায় প্রতিদিন ডাইনি অপবাদে মানুষ হত্যা হচ্ছে সেই সময় এই বিজ্ঞান শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আলোচকরা। এই শিবিরের মধ্যে দিয়ে পুরুলিয়া জেলাজুড়ে আগামী দিনে বিজ্ঞান মনস্কতা প্রসার আন্দোলন গড়ে তুলতে শিক্ষক প্রহ্লাদ মাহাতকে সভাপতি ও শিক্ষক রঞ্জিত জানাকে সম্পাদক করে ৭৪ জনের জেলা শাখা কমিটি গঠিত হয়।

পুরুলিয়া জেলার রঘুনাথপুর, পুরুলিয়া, ঝালদা, বান্দোয়ান, হুড়া, কাশিপুর, পাড়া, নিতুড়িয়া সহ বিভিন্ন ব্লকের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই শিবিরের উদ্বোধন করেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অধ্যাপক ড: সুবল চন্দ্র দে, প্রধান অতিথি ছিলেন জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

