ছবি: প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রম।
স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ জুলাই: এবার টাকা ফেরৎ চেয়ে নেতাকে ফোন। ভাইরাল সেই অডিও ক্লিপ। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলা জুড়ে।
অনেকেই চাকরির আশায় লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। এবার সেই টাকা ফেরৎ চেয়ে এক ব্যক্তির সাথে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমের সাথে কথপোকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে ঐ ব্যক্তি চাকরির জন্য দেওয়া টাকা ফেরৎ চাইছেন। অন্যদিকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করে চাকরি করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন প্রাথমিক সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেনজামিন হেমব্রম। তবে এই ভাইরাল অডিও ক্লিপের বিষয় নিয়ে বেনজামিন হেমব্রমের সাথে বারবার যোগাযোগ করা হলেও বেনজামিনকে পাওয়া যায়নি। এমনকি রায়গঞ্জে বেনজামিনের ফ্ল্যাটে গিয়েও তাকে পাওয়াও যায়নি। শুধু তাই নয়, ফ্ল্যাটের নেমপ্লেটে বেনজামিনের নামটিও কাটা রয়েছে।
বেঞ্জামিনবাবুর সাথে ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন সুইচ অফ পাওয়া গেছে। এই অবস্থায় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানের এই ভাইরাল অডিও নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে।
বিজেপির অভিযোগ, শুধু বেঞ্জামিন হেমব্রম নয়, এই জেলায় তৃণমূলের প্রতিটি নেতা দুর্নীতির সাথে যুক্ত। শিক্ষামন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীও এর সাথে জড়িত বলে অভিযোগ করেন বিজেপির রায়গঞ্জ শহর মন্ডলের সভাপতি অভিজিৎ যোশী।

