মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বললে পাল্টা ধোলাই ও পিটাই হবে: অসিত মজুমদার

আমাদের ভারত, হুগলি, ১৩ আগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বললে পাল্টা হবে। ধোলাই হবে পিটাই হবে। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে তৃণমূলের একটি সভা থেকে এই মন্তব্য করেই বিরোধীদের হুঁশিয়ারী দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন ওই সভায় অসিত মজুমদার ছাড়াও হাজির ছিলেন, তপন দাশগুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে লাঠি দিয়ে চুঁচুড়ার খাদিনামোড় এলাকায় বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্যজুড়ে হৈ চৈ শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রতিবাদ সভা করেন। সেই সভাতেও সুকান্ত মজুমদার অসিত মজুমদারকে চোর বলে সম্ভোধন করেন। বিজেপির সভার পাল্টা সভা হিসেবে এদিন তৃণমূলের জনসভা ছিল ঘড়ির মোড়ে, অন্তত এমনটাই দাবি করেছেন বিজেপির কর্মীরা।

এদিনের সভায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই। কিন্তু, দিদি একটু ভুল বলেছিল। আমি বলছি, বদলার বদলে বদলা চাই। কল্যাণের এহেন বক্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে এই বক্তব্য শুনে তৃণমূলের নেতা কর্মীরা পরস্পর পরস্পরের মুখের দিকে তাকাতাকি শুরু করেন।

সম্প্রতি, রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতারা গ্রেফতার হয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে ওই নেতাদের চোর শ্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাগুলিকে হাতিয়ার করে আক্রমণের সুর চড়াচ্ছে বিরোধী শিবির।

যদিও বিধায়ক অসিত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ধোলাই হবে পেটাই হবে। বোম মারা হবে। বদলার পাল্ট বদলা চাই। এগুলি তৃণমূলের কালচার। এর থেকে বেশি কিছু তৃণমূলের থেকে আশা করা যায় না। আসলে বিধায়ক অসিত মজুমদার নিজেকে অনুব্রত মণ্ডল ভাবতে শুরু করে দিয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল বর্তমানে কোন জায়গায় আছেন সেটাও তাঁর মাথায় রাখা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *